গাজীপুরে দুই কারখানায় কর্মবিরতি, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত মজুরিকাঠামোর নামে বেতনবৈষম্য সৃষ্টির অভিযোগে গতকাল সোমবার গাজীপুর সদর উপজেলার তারগাছ এলাকার লিজ অ্যাপারেলস ও মণিপুর এলাকায় গিভেন্সি গ্রুপের মাসুমা খাতুন টেক্সটাইলে শ্রমিক-অসন্তোষের সৃষ্টি হয়। লিজ অ্যাপারেলসের বিক্ষুব্ধ শ্রমিকেরা তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ ও কারখানায় ভাঙচুরের ঘটনায় গতকাল দুটি মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে লিজ অ্যাপারেলসের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা অবরোধ তুলে নেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান। কিন্তু শ্রমিকেরা দাবি না মানা পর্যন্ত সড়কে অবস্থানের সিদ্ধান্তে অনড় থাকেন।বেলা সোয়া ১১টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহমদ উল্লাহ বেতনবৈষম্য থাকলে অবিলম্বে তা দূর করাসহ শ্রমিকদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। শ্রমিকেরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের ফলে ব্যস্ততম এই মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম বলেন, অবরোধের কারণে হাজারো যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে।একই দাবিতে উপজেলার মণিপুর এলাকায় মাসুমা খাতুন টেক্সটাইল কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে আটটা থেকে কর্মবিরতি শুরু করে। তাঁরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। উত্তেজিত শ্রমিকেরা একপর্যায়ে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে রূপগঞ্জে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ ও কারখানায় ভাঙচুরের ঘটনায় গতকাল দুটি মামলা করা হয়েছে। রূপগঞ্জ ভুলতা ফাঁড়ির এএসআই মোজাম্মেল হোসেন সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচ শ জনকে আসামি করে মামলা করেন। রবিন টেক্স বিডি লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল আলম অপর একটি মামলা করেন। তাঁর মামলায় অভিযোগ করা হয়, রোববার হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মামলায় হামলা ও ভাঙচুরের অভিযোগে ২২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয় শ জনকে আসামি করা হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, রবিন টেক্স বিডি লিমিটেডে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, সোমবার সকালে আদমজী ইপিজেডের ডিএমভি গার্মেন্টসের শ্রমিকেরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন।