গাজীপুরে দুই ট্রাকের সংঘর্ষে আহত ৪ দীর্ঘ যানজট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত রোববার ভোররাতে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন চালক, তাঁদের সহকারীসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিকল হওয়া ট্রাক দুটি মহাসড়কে পড়ে থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ভোররাত সাড়ে চারটার দিকে বোর্ডঘর এলাকায় বগুড়াগামী একটি মালভর্তি ট্রাক ও ঢাকাগামী একটি মালভর্তি ট্রাকের মুখোমুখি সংর্ষের ঘটনা ঘটে। এতে দুটি ট্রাকই মহাসড়কের ওপর উল্টে যায়। এ ঘটনায় দুই ট্রাকের চালক, সহকারীসহ চারজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের এলাকাবাসী উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।দুর্ঘটনায় বিকল ট্রাক দুটি সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার পুলিশ রোববার সকাল সাতটার দিকে গাজীপুর থেকে একটি রেকার গাড়ি নিয়ে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এর আগে ঘটনাস্থলের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার যানজট লেগে যায়। পরে হাইওয়ে পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে যানজট নিয়ন্ত্রণে আনে।