গাজীপুরে দুই দিনে তিন দোকানসহ ছয় গুদাম ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় গত দুই দিনে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি দোকানসহ ঝুট কাপড়ের ছয়টি গুদাম ভস্মীভূত হয়েছে। ভোগড়া মধ্যপাড়া বাজার ও দেওয়ালিয়াবাড়ি এলাকায় এসব অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে ভোগড়া মধ্যপাড়া বাজারের রংপুর ফার্মেসি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলেও গাজীপুর থেকে দমকল বাহিনী আসার আগেই আগুন পার্শ্ববর্তী আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে ঝুট কাপড়ের ছয়টি গুদাম ভস্মীভূত হয়েছে। দমকল বাহিনী ও এলাকাবাসী জানান, হামিম খানের ঝুটের গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের আরও পাঁচটি গুদামে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খরব পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ঝুট গুদামের মালিক আমিনুল ইসলাম জানান, শর্টসার্কিটের কারণে পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের স্ফুলিঙ্গ হামিম খানের ঝুটের গুদামের ওপর পড়ে। এখান থেকেই আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।