গাজীপুরে দুই নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার যুগীরচালা ও সদর উপজেলার মণিপুর এলাকা থেকে গতকাল শনিবার দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন দিনাজপুরের প্রতিমা রানী (৩০) ও পাবনার শারমিন আক্তার (২২)।
পুলিশ জানায়, কৃষ্ণকান্তি রায় নামে এক ব্যক্তি দুই স্ত্রীকে নিয়ে যুগীরচালা এলাকার সুকুমারের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামে। শুক্রবার রাতে দুই সতিনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিমা তাঁর সতিন সুখবালা ও স্বামী কৃষ্ণকান্তি রায়কে ঘরে রেখে বাইরে দরজায় তালা ঝুলিয়ে দেন। পরে তিনি বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে প্রতিমার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। কৃষ্ণকান্তি ও সুখবালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গাজীপুরের হোতাপাড়া ফাঁড়ির উপপরিদর্শ রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার মণিপুর এলাকায় দাম্পত্য কলহের জের ধরে গতকাল ভোরে শারমিন আক্তার নামের এক গৃহবধূ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। তাঁর স্বামী মিঠু স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী। তাঁদের বাড়ি পাবনা জেলায়।