গাজীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই দ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন যুবকের মৃত্যু ও কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হলেন গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে জামির হোসেন (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সদর বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়াজ উদ্দিনের ছেলে আশরাফুজ্জামানের সঙ্গে তাঁর চাচাতো ভাই জামাল হোসেনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে জামাল বিষয়টি তার স্বজনদের কাছে জানায়।ঘটনাটি জানার পর ওই দিন রাত ১০টার দিকে জামালের স্বজনেরা দা, লাঠি নিয়ে আশরাফুজ্জামানের পরিবারের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে মিয়াজ উদ্দিন, তাঁর ছেলে জামির হোসেন, আশরাফুজ্জামান, বেলায়েত হোসেন ও নাজমুল হোসেনসহ পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জামির হোসেনের মৃত্যু হয়। এ ছাড়া অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জামির হোসেনের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।