গাজীপুরে দুই বিএনপি নেতার লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলার নগপাড়া ও কাশিমপুরে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত নেতারা হলেন: আতিয়ার রহমান (৫০) ও মোস্তফা কামাল (৩৯)। তাঁরা দুজনই বিএনপির নেতা। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।আতিয়ার রহমান বাগেরহাটের রামপাল থানার সোনাতোনিয়া গ্রামের শেখ আবদুর রশিদের ছেলে এবং তিনি বাগেরহাট জেলা কৃষক দলের সাবেক সভাপতি। অন্যদিকে মোস্তফা কামাল গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ীর দেওয়ালীয়াবাড়ির মৃত কাশেম আলীর ছেলে। তিনি কোনাবাড়ী ইউনিয়ন যুবদলের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, আতিয়ার রহমান ও আরেক ব্যক্তি সোমবার সন্ধ্যায় এক নারীকে নিয়ে গাজীপুর সদর উপজেলা নগপাড়ায় বাবুল মণ্ডলের বাড়িতে গিয়ে একটি বাসা ভাড়া নেন। বাড়ির মালিক এ সময় জাতীয় পরিচয়পত্র ও ছবি চাইলে তাঁরা তিনজনই তা পরদিন দেবেন বলে জানান। মালিক তাতে রাজি হন। রাত ১০টার দিকে এ তিনজনের বাসার দরজা খোলা দেখে বাড়ির অন্য ভাড়াটেদের সন্দেহ হয়। তাঁরা ওই বাসায় গিয়ে দেখেন, ভেতরে কোনো সাড়াশব্দ নেই। পরে ভেতরে ঢুকে দেখেন, আতিয়ারের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। কিন্তু তাঁর সঙ্গের অন্য দুজন সেখানে নেই। খবর পেয়ে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।আতিয়ারের মেয়ে শারমীন আক্তার জানান, তাঁর বাবা রোববার গ্রাম থেকে ঢাকার মগবাজারে তাঁর বাসায় আসেন। সোমবার গাজীপুরে সভা আছে বলে তিনি বাসা থেকে বের হন।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাছেদ মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু খাইয়ে অথবা শরীরে সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে আতিয়ারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর জামাতা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এদিকে গতকাল সকালে গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকায় হাতিমারা-মৌচাক সড়কের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের ভেতর মোস্তফা কামালের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোস্তফাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাতিমারা থেকে সুরমা আক্তার (২৮) ও সফিকুল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান জানান, মোস্তফার স্ত্রী লাকী আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকার সুরমা আক্তার (২৮) ও সফিকুল ইসলাম (৪০)।