গাজীপুরে দুই মহাসড়কে উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ঈদে ঘরমুখী মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য ওই দুই মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা ও হকারদের দোকান উচ্ছেদ করা হয়।

গতকাল মহাসড়কের টঙ্গী, টঙ্গীর স্টেশন রোড, কোনাবাড়ী বাসস্ট্যান্ড, ভোগড়া বাইপাস, মীরের বাজার বাসস্ট্যান্ড ও রাজেন্দ্রপুর এলাকায় কয়েকজন নির্বাহী হাকিম অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বিজেন ব্যানার্জী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। গতকাল গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম তারিক হাসানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তিনি টঙ্গী ও টঙ্গীর স্টেশন রোড এলাকার মহাসড়ক থেকে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম নাহিদা পারভীন একই মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ ছাড়া নির্বাহী হাকিম রেবেকা সুলতানা ভোগড়া বাইপাস, মীরের বাজার বাসস্ট্যান্ড, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন।