গাজীপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা গতকাল রোববার দুপুরে টঙ্গীর আমতলী কেরানিরটেক এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাজীপুরের টঙ্গীর আমতলীর কেরানিরটেক এলাকার মো. বকুল মিয়া (৫০) ও মনিরুজ্জামান মনির (২৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা টঙ্গী এলাকায় অভিযান চালান। অভিযান চালিয়ে টঙ্গীর আমতলী কেরানিরটেক বকুলের বাড়ি থেকে পাঁচ কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে ওই বাড়ি থেকে অপর গাঁজা ব্যবসায়ী মনিরুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম গাঁজা ব্যবসায়ী বকুলকে এক বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড এবং এ ছাড়া মনিরুজ্জামানকে ছয় মাসের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ফেনসিডিলসহ গ্রেপ্তার ১: গতকাল রোববার ভোরে গাজীপুর শহরের রেল জংশন এলাকা থেকে র্যাব-১ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেন। পরে তাঁর সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হুমায়ুন কবীর (৩০) রাজশাহীর লক্ষ্মীপুরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।