গাজীপুরে দুই শ্রমিক হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পুলিশের গুলিতে দুই পোশাকশ্রমিকের মৃত্যুর বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোশাকশ্রমিকদের কয়েকটি সংগঠন। তারা গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতাদের মুক্তিও দাবি করেছে। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং কয়েকটি শ্রমিক সংগঠন ওই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।
একই দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ এবং জাতীয় মুক্তি কাউন্সিল আজ বুধবার বিক্ষোভ সমাবেশ করবে।
গত সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে বাদশা মিয়া ও রুমা আক্তার নামের দুই পোশাককর্মী নিহত হন। ওই সংঘর্ষে আরও অন্তত ৩৫ জন আহত হন। এ ছাড়া ন্যূনতম মজুরি নিয়ে সৃষ্ট অসন্তোষের জের ধরে সাভার, আশুলিয়া, টঙ্গীসহ কয়েকটি স্থানে শ্রমিক বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত শ্রমিক আহত হন। পরে সোমবার দিবাগত রাতে তিন শ্রমিকনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন: গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলা শাখার সভাপতি জিয়াউল কবির ও সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন আক্তার এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন।
এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংগঠন দুটির আলাদা বিক্ষোভ সমাবেশে শ্রমিকনেতারা অবিলম্বে শ্রমিক হত্যার বিচার, নিহত-আহত শ্রমিক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবি জানান। নারায়ণগঞ্জেও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা শ্রমিকনেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
পুলিশের গুলিতে শ্রমিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে গতকাল আরও বিবৃতি দিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ও এস কে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), ঘোষিত মজুরি বাস্তবায়ন গার্মেন্টস শ্রমিক পরিষদ, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এবং গার্মেন্ট শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সভায়ও শ্রমিক নিহতের ঘটনার নিন্দা জানানো হয়।
সিপিবি ও বাসদ এক যুক্ত বিবৃতিতে জানায়, শ্রমিকেরা যখন বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরির ন্যায়সংগত লড়াই করছেন, তখন মালিকশ্রেণীর স্বার্থরক্ষাকারী সরকারের পুলিশ বাহিনী আন্দোলনরত শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। এই হামলার দায় সরকারকেই নিতে হবে। বিজ্ঞপ্তি।