গাজীপুরে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২
গাজীপুর সদর উপজেলার মাঝুখান এলাকা থেকে গত রোববার রাতে এক হাজার ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একই এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক সদর উপজেলার মাঝুখান বাজারে দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর ট্রাক থেকে বস্তা নামিয়ে একটি মাইক্রোবাসে তোলা হচ্ছিল। এ সময় পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মী নূরুল ইসলামের সন্দেহ হলে তিনি চিৎকার দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মাইক্রোবাসটি পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী বস্তায় ফেনসিডিল দেখতে পেয়ে ট্রাকের চালক আবদুল কুদ্দুস ও তাঁর সহকারী আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ট্রাক থেকে এক হাজার ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।ট্রাকের চালক কুদ্দুসের (২৭) বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার বিখালি গ্রামে। আর তাঁর সহকারী আনোয়ার হোসেনের (৩০) বাড়ি এই থানার সোনাবাড়ি গ্রামে।গ্রেপ্তার ব্যক্তিরা বলেন, কলারোয়া থেকে হামিদুর নামের এক মাদক ব্যবসায়ী ফেনসিডিলগুলো মাঝুখান এলাকার মাদক ব্যবসায়ী কাইয়ুমের কাছে পৌঁছে দিতে বলেছেন।এদিকে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান জানান, গাজীপুর সদর উপজেলার মাঝুখান এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী কাইয়ুমের বাড়িতে গতকাল সোমবার সকালে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে কাইয়ুম পালিয়ে যান।