গাজীপুরে দুজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে টাকা ও মুঠোফোন লুট করে ট্রেনের ছাদ থেকে ফেলে এক যাত্রীকে হত্যা ও দুজনকে আহত করার দায়ে দুই ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক গতকাল বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা থানার তারাটিচর পাড়া গ্রামের রাসেল মিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিছামনি গাংপাড় এলাকার মুন্না মিয়া।

রায়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে আবদুল মমিন নামের এক ব্যক্তিকে ফেলে হত্যার অভিযোগে ওই দুজনকে মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর ধারায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও একটি ধারায় তাঁদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুর আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন বগুড়ার জিয়ানগর গ্রামের আবু সাঈদ, কক্সবাজারের রুমকা গ্রামের হাসান মাহমুদ ও নওগাঁর মিঠাপুর ফকিরপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে আবদুল মোমিন (১৮)। ট্রেনটি গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁদের ছুরিকাঘাত করে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল মোমিনকে মৃত ঘোষণা করেন।