গাজীপুরে দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও পরিবেশ দূষণের দায়ে গতকাল সোমবার গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী ইউনিয়নের আমবাগ এলাকার দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটা দুটিকে ১২ লাখ টাকা জরিমানা এবং পাঁচ লাখ ইট, ১০০ মণ কাঠসহ ইট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই এলাকার মেসার্স মা ব্রিকস ও পদ্মা ব্রিকস নামের দুটি ইটভাটা অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ব্যবসা করে আসছিল। এ ছাড়া ইটভাটা দুটির আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘর রয়েছে। এলাকাবাসী একাধিকবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই দুটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশদূষণের অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসার পর গতকাল সকালে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী জেলা পুলিশের সহায়তা নিয়ে অভিযান চালিয়ে ইটভাটা দুটি বন্ধ করে দেন। পরে তিনি মা ব্রিকসের মালিককে সাত লাখ এবং পদ্মা ব্রিকসের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে দুটি ইটভাটা থেকে ১০০ মণ কাঠ, পাঁচ লাখ ইট, ছয়টি মোল্ডিং মেশিনসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. মুনীর চৌধুরী জানান, ওই দুটি ইটভাটায় প্রায় ১২ একরের মতো জমি ব্যবহূত হচ্ছে। পরিবেশ আইনে দুই একরের বেশি জমিতে ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া ওই দুটি ইটভাটার কারণে এলাকার মানুষের স্বাভাবিক জীবন ও জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়েছে।