গাজীপুরে দুটি কারখানা ভবনে ফাটল, ছুটি ঘোষণা
গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকার গরিব অ্যান্ড গরিব এবং কালিয়াকৈর উপজেলায় নিট এশিয়া কারখানার ভবনে গতকাল বৃহস্পতিবার ফাটল দেখা দিয়েছে। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, দুপুরে খাবারের বিরতির সময় শ্রমিকেরা গরিব অ্যান্ড গরিব কোম্পানি লিমিটেড (ইউনিট-২) পোশাক কারখানার ছয়তলা ভবনের পঞ্চম তলার মেঝে ও বিমে বেশ কটি ফাটল দেখতে পান। মুহূর্তে ফাটলের খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।এর আগে ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি গরিব অ্যান্ড গরিবের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ শ্রমিকের মৃত্যু হয়। প্রায় দুই মাস পর ১৩ এপ্রিল দুপুরে ওই কারখানায় আবার আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ শ্রমিক দুপুরের খাবার খেতে কারখানার বাইরে অবস্থান করায় তখন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ভবনে ফাটলের ব্যাপারে গরিব অ্যান্ড গরিবের কোনো কর্মকর্তা গতকাল বক্তব্য দিতে রাজি হননি। তবে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ‘গরিব অ্যান্ড গরিবের ভবনটি প্রকৌশলী দিয়ে পরীক্ষার পরই কারখানা চালু করতে বলা হয়েছে।’অপর দিকে কালিয়াকৈরের সফিপুর এলাকার নিট এশিয়া লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকাল সাড়ে আটটার দিকে ছয়তলা ভবনের দ্বিতীয় তলার দেয়ালে বেশ কয়েকটি ছোট-বড় ফাটল দেখতে পান। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ বাদ দিয়ে তাঁরা কারখানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।