গাজীপুরের মোঘলখানে অবস্থিত ফারটেক্স ডাইং লি. ও বোরাক ওয়াশিং প্লান্ট নামের দুটি পরিবেশ ছাড়পত্রবিহীন কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ২৯ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।কারখানা দুটিকে একই সঙ্গে দ্রুত ইটিপি স্থাপনের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এ নির্দেশ অমান্য করলে মালিকের বিরুদ্ধে মামলা, কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নকরণ এবং কারখানা বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুটি কারখানায় ইটিপি (বর্জ্য পরিশোধন প্লান্ট) স্থাপন না করা এবং কারখানা থেকে সৃষ্ট রাসায়নিক মিশ্রিত দূষিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি কৃষি জমি ও নিচু এলাকায় প্রবাহিত করে ‘বালু’ নদীদূষণের ঘটনা উদ্ঘাটন করা হয়।এর আগে কারখানা দুটির কর্তৃপক্ষকে ইটিপি স্থাপন এবং দূষণ বন্ধের জন্য কয়েক দফা নোটিশ দেওয়া হলেও কারখানার মালিকেরা তা অমান্য করেন। পরিবেশ অধিদপ্তর জানায়, এ দুটি কারখানায় প্রতিদিন গড়ে প্রায় তিন-চার মেট্রিক টন নিট ফেব্রিকস ডাইং করা হয়।