শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার লিমিটেড কারখানা গতকাল বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা খুলে দেওয়া এবং এক কর্মকর্তার শাস্তির দাবিতে শ্রমিকেরা গতকাল সকালে কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় সোয়েটার তৈরির মজুরি ও নৈশ ভাতা কম দেওয়ার প্রতিবাদে শ্রমিকেরা গতকাল বিক্ষোভ করে কারখানায় ভাঙচুর চালান। এ ছাড়া কারখানার সামনে পাঁচটি যানবাহন ভাঙচুর করেন তাঁরা। পরে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
মাছিহাতা সোয়েটার কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, ১ জুলাই শ্রমিকেরা কারখানায় কিছু দাবিদাওয়া নিয়ে কাজ বন্ধ করে দেন। তখন শ্রমিকদের কাজের দর বৃদ্ধি, টিফিন বিলসহ বিভিন্ন দাবিদাওয়া পূরণ করেন কারখানা মালিক। গত বুধবার রাতে কারখানার বাইরে কারখানার সহকারী উৎপাদন কর্মকর্তা জহিরুল ইসলাম লোকজন নিয়ে কারখানার শ্রমিক ও নেতা আমিনুল ইসলামের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনার পর রাতেই শ্রমিকেরা বিক্ষোভ করে ভাঙচুর চালান।
শ্রমিকেরা গতকাল সকালে কাজে এসে দেখেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে শ্রমিকেরা কর্মকর্তা জহিরুলের শাস্তি ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন এবং কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. শওকত কবীর বলেন, শ্রমিকেরা কিছু সময় সড়কে অবস্থান করেন। তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সনদ সাহা প্রথম আলোকে জানান, গত বুধবার রাতে শ্রমিকেরা বাইরের ঘটনাকে কেন্দ্র করে কারখানায় হামলা চালিয়ে ১১টি গাড়ি, কারখানার গ্লাস, কম্পিউটারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। কারখানায় হামলা ও ভাঙচুর করায় শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গরিব অ্যান্ড গরিব কারখানার শ্রমিকেরা জানান, গত বুধবার শ্রমিকদের জুন মাসের বেতন-ভাতা দেওয়া হয়। শ্রমিকেরা দেখতে পান, কর্তৃপক্ষ সোয়েটারপ্রতি মজুরি ও নৈশ ভাতা কম দিয়েছে। এতে তাঁদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়। এর জের ধরে তাঁরা গতকাল সকালে কারখানায় এসে কর্মবিরতি শুরু করেন। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে তাঁরা কারখানার ভেতরের লাইট, জানালা-দরজার কাচ ভাঙচুর শুরু করেন।
কারখানার পরিচালক ফজলুল হক ভূইয়া জানান, আশপাশের সব কারখানার চেয়ে তাঁর কারখানার শ্রমিকদের সোয়েটার তৈরির মজুরি বেশি দেওয়া হয়। তবু আড়াই হাজার টাকা ঈদ বোনাস ও টিফিন বিল বাড়ানোসহ বিভিন্ন দাবিতে অযৌক্তিকভাবে শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেছেন। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা গরিব অ্যান্ড গরিব কারখানার কাচ ভাঙচুর করা ছাড়াও কারখানার সামনে থাকা পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ গিয়ে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।