গাজীপুরে দুটি নদীর সীমানা-খুঁটি পরিদর্শন পর্যবেক্ষক দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ অনুযায়ী গাজীপুরের তুরাগ ও বালু নদের তীরে স্থাপিত সীমানা-খুঁটি পরিদর্শন করেছে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও জরিপ অধিদপ্তরের একটি পর্যবেক্ষক দল। পরিদর্শনকালে খুঁটিগুলো স্থাপনের সঠিকতা যাচাই ও এর গুণগত মান যাচাই করা হয়। জেলা প্রশাসন সূত্রের ভাষ্যমতে, তুরাগ ও বালু নদের তীরবর্তী গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলার ১৯টি মৌজায় সিএস ও আরএস রেকর্ড মোতাবেক গাজীপুর গণপূর্ত বিভাগ ইতিমধ্যে সীমানা-খুঁটি স্থাপনের কাজ শেষ করেছে। এর আগে নদ দুটির তীর ঘেঁষে গড়ে ওঠা ৭৭টি অবৈধ স্থাপনার একটি তালিকা তৈরি করে সেগুলো উচ্ছেদের জন্য আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে এরই মধ্যে ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সীমানা-খুঁটিগুলো স্থাপনের সঠিকতা যাচাই করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। গতকাল সকালে গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের পর্যবেক্ষক দলটি সাভারের আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে রূপগঞ্জের মোহনা পর্যন্ত ৫০৪টি সীমানা-খুঁটি সঠিক স্থানে স্থাপন করা হয়েছে কি না, তা যাচাই করেন। দলের সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক রফিকুল ইসলাম, প্রকৌশলী মোস্তফা কামাল এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক জাকির হোসেন।পর্যবেক্ষক দলের প্রধান ও গাজীপুর জেলা প্রশাসক নুরুল ইসলাম জানান, কিছু জায়গায় নতুন করে নদী জবরদখলের বিষয়টি তাঁদের নজরে এসেছে। নদী জবরদখলকারীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।