গাজীপুরে দুটি পোশাক কারখানা ও একটি দোকানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের বাঘের বাজার ও কোনাবাড়িতে গতকাল সোমবার দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে শ্রীপুর পৌর এলাকায় গত রোববার রাতে একটি বসতঘর ও একটি দোকান আগুনে পুড়ে গেছে।গতকাল বেলা ১১টার দিকে গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্প এলাকার তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের গুদামে ও বিকেল পাঁচটার দিকে বাঘের বাজারের ইভেন্স টেক্সটাইলে আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুটি কারখানাতেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।খবর পেয়ে গাজীপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। এক ঘণ্টার চেষ্টায় দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ওই কারখানার তিন হাজার কেজি তুলা ভস্মীভূত ও দুটি মেশিন পুড়ে যায়।আবু জাফর আহমেদ আরও জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইভেন্স কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। এই কারখানার বেশ কিছু মেশিন পুড়ে গেছে। এদিকে শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের আবদুল খালেকের বসতঘর ও দোকান গত রোববার রাত ১২টার দিকে আগুনে পুড়ে গেছে। পরিকল্পিতভাবে শত্রুতা করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল খালেক থানায় অভিযোগ করেছেন।অভিযোগে জানা গেছে, ঘটনার সময় তাঁর থাকার ঘরের সামনে মুদি দোকানে আগুনের লেলিহান শিখা দেখে হইচই শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে ব্যবসায়ীর দোকানে রাখা নগদ ৫৭ হাজার টাকা, ২০ মণ চাল, ডাল, ফ্রিজ, ভাড়াটিয়া আলেখার ১৭ হাজার টাকা এবং চারটি বসতঘর পুড়ে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে।