গাজীপুরে দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, দুই কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের ছয়দানা মালেকের বাড়ী এবং কোনাবাড়ীর হরিণচালা এলাকায় দুটি পোশাক কারখানায় গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। ছয়দানা মালেকের বাড়ী এলাকায় এমেক্স অ্যাপারেলসে আগুন লেগে কারখানার গুদামের ফেব্রিক্স, কার্টন ও মেশিন পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আটটার দিকে ১০ তলাবিশিষ্ট হায়দার টাওয়ারের দশম তলার পশ্চিম অংশে আগুন লাগে। দশম তলাটি এমেক্স অ্যাপারেলসের গুদাম হিসেবে ব্যবহূত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে। এর আগেই আগুন দশম তলা থেকে নবম তলায় ছড়িয়ে পড়ে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রফিকুল ইসলাম রাতে জানান, আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মফিজুল হক সরকার দাবি করেন, অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমদ জানান, রাত সাড়ে ১০টার দিকে তরিনবালা এলাকার মন্ডল অ্যাপারেলস কারখানার তৃতীয় তলার ফেব্রিক্স গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ১১টায় আগুন জ্বলছিল। গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। কারখানার সহকারী ম্যানেজার (প্রশাসন) খন্দকার আরিফুজ্জামান জানান, আগুনে বিপুল পরিমাণ ফেব্রিক্স পুড়ে গেছে। যার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।