গাজীপুরে দুটি পোশাক কারখানায় আগুন ব্যাপক ক্ষতি
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল শনিবার ভোরে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মেশিনপত্র ও পোশাক তৈরির বিভিন্ন মালামাল পুড়ে কারখানা দুটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে ওই এলাকার ট্রিপল স্টার নিটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে পাশের আল আমিন নিটওয়্যারেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রিপল স্টার নিটওয়্যার কারখানার দুটি আরটেক মেশিন, একটি ওভার লুক মেশিন, একটি জেনারেটর, পাঁচ টন ফেব্রিক্স ও ১০ হাজার গজ কাপড় এবং আল আমিন নিটওয়্যার কারখানার প্রায় ১৫ লাখ টাকা মূল্যের সুতা পুড়ে যায়। গাজীপুরের ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।