গাজীপুরে দুটি সড়ক চলাচলের অনুপযোগী

গাজীপুরের দরবাড়িয়া-কবিরপুর আঞ্চলিক সড়ক এবং কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক ও লস্করচালা এলাকার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক দুটিতে হাঁটাও কষ্টকর।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে দরবাড়িয়া-কবিরপুর আঞ্চলিক সড়কে কোনো উন্নয়নকাজ হয়নি। এই সড়ক দিয়ে কালিয়াকৈর উপজেলার পাকুল্লা, গাজীবাড়ী, মরকাবহ, বেনুপুর এবং ঢাকার আশুলিয়া থানার কবিরপুর, বাইদগাঁও, নাল্লা-বুল্লাহসহ ১০টি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। এই সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান আছে। কিন্তু সড়কটি পাকা না হওয়ায় চলাচলের ক্ষেত্রে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়।

এদিকে কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক ও লস্করচালা এলাকার সড়কটি অনেক আগে ইট বিছানো হয়েছিল। এরপর আর কোনো সংস্কারকাজ করা হয়নি। বর্তমানে সড়কটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে সড়কটি কাদায় ভরে গেছে। যানবাহন দূরে থাক, লোকজন হেঁটেও চলাচল করতে পারছে না এ রাস্তায়। মাঝে মাঝে কিছু যান চলাচল করলেও মাঝপথে আটকে যাচ্ছে। গাজীপুর সিটি করপোরেশন, কালিয়াকৈর উপজেলা পরিষদ ও মৌচাক ইউনিয়ন পরিষদের মধ্যে ওই সড়কের অবস্থান। তবে কেউই সড়কটির সংস্কারের দায়িত্ব নিচ্ছে না।
আড়াবাড়ী থেকে আন্ধারমানিক হয়ে লস্করচালা যাওয়ার একমাত্র সড়কটি উন্নয়নের যুগেও উন্নয়নবঞ্চিত। ওই সড়ক দিয়ে জিরানী, ভবানীপুর, মাধবপুর, লস্করচালা, আন্ধারমানিক পূর্ব ও পশ্চিম পাড়া, সফিপুর, আড়াবাড়ী, নিশ্চিতপুর, বড়ভবানীপুর, কাশিমপুরসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে। ওই সড়কগুলো দ্রুত সংস্কারকাজ করে মানুষের দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাইদগাঁও এলাকার আতাহার হোসেন বলেন, স্বাধীনতার পর এই কাঁচা সড়কটির উন্নয়ন এখনো হয়নি। বেঁচে থাকতে হয়তো এই রাস্তার উন্নয়ন আর দেখা হবে না।
কালিয়াকৈর উপজেলা এলজিইডির প্রকৌশলী মুহাম্মদ সালমান রহমান বলেন, আন্ধারমানিক–লস্করচালা সড়কটি দ্রুত সংস্কারের জন্য বিভিন্ন সময় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আকবর আলী বলেন, দরবাড়িয়া-কবিরপুর আঞ্চলিক সড়কটির জন্য তাঁরা বরাদ্দ দিয়েছেন। বর্ষা মৌসুম শেষ হলেই কাজ শুরু করা হবে।