গাজীপুরে দুদকের মামলায় ডাকঘরের কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্রের ৭৬ লাখ টাকা আত্মসাতের মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ সাব-পোস্ট অফিসের সাবেক পোস্টমাস্টার মো. আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বর্তমান কর্মস্থল গাজীপুর প্রধান ডাকঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আলতাফ হোসেনের বাড়ি শ্রীপুর উপজেলার বল্দিঘাট নয়াপাড়া এলাকায়।
শ্রীপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে কাওরাইদ সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার থাকাকালে গ্রাহকদের সঞ্চয়পত্র কেনার টাকা রেজিস্ট্রারে এন্ট্রি না করে আত্মসাৎ করেন আলতাফ হোসেন। গ্রাহকেরা মাস শেষে মুনাফার টাকা তুলতে গেলে তা না দিয়ে তিনি নানা টালবাহানা শুরু করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার কাছে অভিযোগ করেন গ্রাহকেরা। পরে তিনি গাজীপুর প্রধান ডাকঘরে পোস্টাল অপারেটর পদে বদলি হন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ১৫ মার্চ আলতাফ হোসেনের বিরুদ্ধে ঢাকা (উত্তর) বিভাগের পোস্ট অফিস পরিদর্শক রাজন ভাষণ দাস শ্রীপুর থানায় মামলা করেন।