ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একই দিন গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় সড়ক দুর্ঘটনায় চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।
নিহত দুজন হলেন টাঙ্গাইলের মির্জাপুর থানার বংশীনগর এলাকার মো. জামাল উদ্দিন (৩৫) ও তাঁর ভাতিজা খাইরুল ইসলাম (১২)।
কোনাবাড়ী মহাসড়ক থানার পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গাড়ির তিন আরোহী জামাল উদ্দিন, তাঁর ভাই সাইদুর রহমান ও ভাতিজা খাইরুল ইসলাম। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিন ও খাইরুলকে মৃত ঘোষণা করেন। সাইদুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় পুলিশ বহনকারী একটি লেগুনার সঙ্গে গাজীপুরগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে টঙ্গী থানার চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। তাঁরা হলেন টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, কনস্টেবল শহিদুজ্জামান, মজিবুর রহমান ও
নূর মোহাম্মদ। কনস্টেবল শহিদুজ্জামান ও লেগুনার চালককে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছে।