গাজীপুরে দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন জ্যোত্স্না বেগম (২৮), ছেলে রাফি (৫), অটোরিকশার যাত্রী উজ্জ্বল (৩৫) ও অটোরিকশা চালক শরিফুল ইসলাম (২৫)।

এ ঘটনায় জ্যোত্স্না বেগমের স্বামী হাবিবুর রহমান (৩৫) আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জ্যোত্স্না বেগম ও হাবিবুর রহমানের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, সকাল সাড়ে আটটার দিকে টঙ্গী থেকে ত্রিশালগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহনের সংঘর্ষ হয়। তবে কোন পরিবহন অটোরিকশাটিকে চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার জ্যোত্স্না বেগম, তাঁর ছেলে রাফি ও অটোরিকশা যাত্রী উজ্জ্বল নিহত হন। চালক শরিফুলকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদের লাশগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।