গাজীপুরে দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত, স্ত্রী-সন্তান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ থেকে গাজীপুরে এক আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার পথে গতকাল বুধবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এতে তাঁর স্ত্রী ও সন্তান গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন নওগাঁ সদর উপজেলার মারমা মণিপুর এলাকার রফিকুল ইসলাম (৩৫)। তাঁর স্ত্রী গোলাপী (২৩) ও ছেলে জেনিস (৯) গুরুতর আহত হয়েছে। রফিকুল নওগাঁ শহরের জেনিস স্পিকার কিন্ডারগার্টেনের শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক। এলাকাবাসী ও আহত ব্যক্তিরা জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে রফিকুল ইসলাম স্ত্রী-সন্তানসহ নওগাঁ থেকে গাজীপুরের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। তাঁরা বাস থেকে নেমে গতকাল বুধবার ভোরে গাজীপুর সদরের ঢাকা-বাইপাস সড়ক থেকে অটোরিকশা নিয়ে রওনা হন। বাইপাস সড়কের ভারারুল-মীরের বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রফিকুল ভেতর থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় আহত গোলাপী ও তাঁর ছেলে জেনিসকে এবং রফিকুলের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান এলাকাবাসী। মোবাইল ফোনে খবর পেয়ে রফিকুলের বড় ভাই ঢাকার গাবতলী এলাকার ট্রাকশ্রমিক শহিদুল ইসলাম গতকাল সকালে গাজীপুর সদর হাসপাতালে ছুটে আসেন।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।