গাজীপুরে দুর্নীতির অভিযোগে বন কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনভূমি দখলে সহযোগিতা ও দুর্নীতির অভিযোগে গত মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিট কর্মকর্তা সিরাজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত এবং শ্রীপুর সদর বিটের কর্মকর্তা মঞ্জুর আলমকে বদলি করা হয়েছে। কালিয়াকৈর অঞ্চলের সহকারী বন সংরক্ষক মো. সালেক প্রধান এবং শ্রীপুরের রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিবরণ অনুযায়ী, সিরাজ উদ্দিন চন্দ্রায় যোগ দিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তাঁর সময় বনের জমি অবৈধভাবে দখল করে কারখানা ও বাড়িঘর তৈরির অভিযোগ রয়েছে।
একইভাবে মঞ্জুর আলমের বিরুদ্ধেও বনের জমি দখলে সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তদন্ত শুরু করে বন বিভাগ। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান বনসংরক্ষকের নির্দেশে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা অবনী ভুষণ ঠাকুর গত মঙ্গলবার দুজনের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেন ।
কালিয়াকৈরের রেঞ্জ কর্মকর্তা কাজী নজরুল ইসলাম জানান, বনভূমি দখলে সহযোগিতার অভিযোগে সিরাজুলকে সাময়িক বরখাস্ত করে তাঁর স্থলে মৌচাক বিটের কর্মকর্তা বজলুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।