গাজীপুরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে কলেজছাত্রী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে মাহমুদা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান। গতকাল সোমবার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামে এ ঘটনা ঘটে। মাহমুদা এবার গাজীপুর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেছে। গতকাল রাতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ওই গ্রামের মাঈনুদ্দীনের মেয়ে মাহমুদা অন্যান্য দিনের মতো রোববার রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে থাকে। গতকাল ভোর চারটার দিকে দুর্বৃত্তরা কক্ষের জানালা দিয়ে তার গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন মাহমুদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কী কারণে বা কারা তাকে অ্যাসিড নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অ্যাসিডে মাহমুদার মুখমণ্ডলসহ প্রায় পুরো শরীর ঝলসে গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি।