গাজীপুরে দোকান থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের কাশিমপুর বাজারের রওশন মার্কেটের একটি দোকান থেকে গতকাল শনিবার সকালে দুই কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া এক কর্মচারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তিরা হলো জামালপুরের সদর উপজেলার চন্দ্রা গ্রামের আবদুল মোতালেব (১৭) ও ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার রাজু আহমেদ (১৪)। দোকানের মালিক আবদুর রশিদের ভাষ্যমতে, মোতালেব, রাজু ও রুবেল (১৪) কাজ শেষে রাতে দোকানে ঘুমায়। গতকাল সকাল সাতটার দিকে তিনি দোকান খুলতে গিয়ে দেখেন ভেতর থেকে বন্ধ করা। অনেকবার দোকানের শাটারে ধাক্কা দেন এবং ডাকাডাকি করেন। পরে তিনি পুলিশকে খবর দেন। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, হতাহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে রক্তমাখা হাতুড়ি ও লোহার রড পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, হতাহতরা রাতে দোকানের ভেতরে মারামারি করে এ ঘটনা ঘটিয়েছে। রুবেল সুস্থ হয়ে ঊঠলে হয়তো প্রকৃত ঘটনা জানা যাবে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, দোকান মালিক আবদুর রশিদ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।