গাজীপুরে ধর্ষণ মামলা ঠেকাতে পাল্টা মামলা
গাজীপুর সদর উপজেলার পূর্ব চান্দনা এলাকায় এক বাকপ্রতিবন্ধী মেয়েকে তৌহিদুল ইসলাম নামের এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন। মেয়েটির তিন ভাইয়ের বিরুদ্ধে পাল্টা মারধর ও ছিনতাইয়ের মামলা করেছে অভিযুক্ত যুবকের পরিবার।মেয়েটির পরিবার ও মামলার অভিযোগ থেকে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার পূর্ব চান্দনা এলাকার এক মুক্তিযোদ্ধার বাকপ্রতিবন্ধী মেয়ে (২৫) যুব উন্নয়ন একাডেমী থেকে প্রশিক্ষণ নিয়ে বাসার পাশে কাপড় সেলাইয়ের দোকান দেন। একই এলাকার মতিউর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম ওই মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তৌহিদ ইংরেজিতে লেখা একটি ঠিকানার ওপরে নিজের ও মেয়েটির ছবি লাগিয়ে সেটিকে বিয়ের কাবিননামা বুঝিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন।এরই মধ্যে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে গর্ভপাতের শর্তে বিয়েতে রাজি হন তৌহিদ। পরে গোপনে গাজীপুর শহরের শিববাড়ী এলাকার আকবর ক্লিনিক অ্যান্ড ডায়াগোনস্টিক সেন্টারে নিয়ে স্ত্রী পরিচয়ে গত ২১ নভেম্বর গর্ভপাত করানো হয়। এরপর তাঁকে বিয়ে না করে তৌহিদ নানা তালবাহানা শুরু করেন। এ ঘটনায় বাকপ্রতিবন্ধীর মা গত ২৫ জানুয়ারি তৌহিদুল ইসলাম ও তাঁর তিন সহযোগীকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে মামলা থেকে রক্ষা পেতে তৌহিদ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় বড় ভাই আশরাফুল আলমকে দিয়ে উল্টো বাকপ্রতিবন্ধীর তিন ভাইয়ের বিরুদ্ধে তৌহিদকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলা দিয়ে এলাকাছাড়া করেছেন। এ ছাড়া ধর্ষণ মামলা তুলে নিতে আসামিরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মেয়েটির মা বলেন, ‘এ ঘটনায় ২৫ জানুয়ারি চারজনের বিরুদ্ধে মামলা করা হলে তৌহিদ ছাড়া অন্য তিন আসামি আদালত থেকে জামিন লাভ করেন। জামিন লাভের দুই দিন পর দুই নম্বর আসামি তৌহিদের বড় ভাই আশরাফুল বাদী হয়ে আমার তিন ছেলের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা করেন। এখন তাঁরা ধর্ষণ মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছেন।’এ ব্যাপারে কথা বলতে তৌহিদুলকে পাওয়া যায়নি। তাঁর বড় ভাই আশরাফুল মুঠোফোনে জানান, জরুরি কাজে তিনি ঢাকায় আছেন। পড়ে এ বিষয়ে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদ জানান, বাকপ্রতিবন্ধী মেয়েটির ডাক্তারি পরীক্ষায় এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামালার প্রধান আসামি তৌহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।