গাজীপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
গাজীপুরের কালীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. সোহেল খান (২৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সোহেলের বাড়ি উপজেলার আজমতপুর দক্ষিণপাড়া গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ জুলাই রাত আড়াইটার দিকে ওই শিশুর (৮) পরিবারের সদস্যরা প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে ঘরে ঢোকে সোহেল। বাইরে থেকে এসে সবাই ঘুমিয়ে পড়লে সোহেল ওই ছাত্রীর মুখ চেপে ধরে তাকে বাড়ির পাশের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে তার দাদা এগিয়ে গেলে সোহেল পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। পরের দিনই পুলিশ সোহেল খানকে গ্রেপ্তার করে। পুলিশ তদন্ত করে সোহেল খানের
বিরুদ্ধে ওই বছরের ২ অক্টোবর অভিযোগপত্র দেয়।।