গাজীপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
গাজীপুরে ধর্ষণের দায়ে হুমায়ুন কবির (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর ওই রায় দেন। সাজাপ্রাপ্ত হুমায়ুন কবির ময়মনসিংহের নান্দাইল উপজেলার দাদার গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের সাইনবোর্ড এলাকার এক নারী পোশাকশ্রমিককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন হুমায়ুন কবির। ২০১১ সালের ১১ এপ্রিল ওই নারীকে তাঁর বাসায় গিয়ে ধর্ষণ করেন হুমায়ুন। পরে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বাস করতে থাকেন। ওই নারী বারবার তাগিদ দিলেও হুমায়ুন তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরই মধ্যে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং এক মেয়েশিশুর জন্ম দেন। এরপরও হুমায়ুন মেয়েটিকে বিয়ে না করে তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকেন। একপর্যায়ে ২০১৫ সালের ২৩ মে হুমায়ুনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন ওই নারী। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী ২০১৬ সালের ৩১ ডিসেম্বর হুমায়ুন কবিরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফজলুল কাদের জানান, আজ আসামির উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আজ বিচারকের সামনে আসামি দোষ স্বীকার করেন। এ জন্য মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অভিযোগ গঠনের দিনই বিচারক এ মামলার রায় দেন।