গাজীপুরে নকল এনার্জি ড্রিংকস উদ্ধার, এক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার কলমেশ্বর এলাকা থেকে গতকাল সোমবার র‌্যাব-১-এর সদস্যরা অভিযান চালিয়ে এক হাজার ৯৬৮ বোতল নকল এনার্জি ড্রিংকস উদ্ধার করেছেন। এ সময় এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিটি হলেন ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার আইনুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮)।র‌্যাব-১ সূত্রে জানা গেছে, র‌্যাব-১-এর সদস্যরা গোপন সংবাদে খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় অভিযান চালান। অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে এক হাজার ৯৬৮ বোতল নকল এনার্জি ড্রিংকস উদ্ধার করেন। এ সময় নকল ও অবৈধ এনার্জি ড্রিংকস রাখার দায়ে ব্যবসায়ী নজরুল ইসলাম, পিকআপ ভ্যানচালক মেরাজ উদ্দিন ও দোকানদার আবুল কালামকে আটক করা হয়। পরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা সারোয়ার নকল ও অবৈধ ড্রিংকসের মালিক নজরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, পিকআপের চালক মেরাজ উদ্দিনকে ২০ হজার ও দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাঁদের মধ্যে দণ্ড পাওয়া ব্যক্তিকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।