গাজীপুরে নকল ওষুধ কারখানার সন্ধান
গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন র্যাব-১-এর সদস্যরা। নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খায়রুল ইসলাম, ফরহাদ হোসেন, মাসুদুর রহমান, খলিলুর রহমান ও আবুল কাশেম। রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা খান কারখানার মালিক হিকমত আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। র্যাব ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হিকমত আলী গত জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য তেলিপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে নকল ওষুধের ব্যবসা শুরু করেন। র্যাব সদস্যরা গতকাল ওই কারখানা থেকে নকল এনার্জি ড্রিংকস, যৌন উত্তেজক বড়ি, কফ সিরাপ, মাল্টিভিটামিন, বড়ি, সিরাপসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ এবং সরঞ্জাম জব্দ করেন।