গাজীপুরে নকলনবিশকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা শহরের রাজদীঘির উত্তর পারের নিজের বাসায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক নকলনবিশকে গত সোমবার দিবাগত রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শহিদুল ইসলাম গাজীপুর সদরের সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নকলনবিশ হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: মোক্তার হোসেন (৩৪), হাসিবুর রহমান (২৭) ও মিলন মিয়া (৩৫)৷
পুলিশ জানায়, শহিদুল ইসলাম নকলনবিশ কাজের পাশাপাশি জমি কেনাবেচার ব্যবসা করতেন৷ গাজীপুর শহরে রাজদীঘির উত্তর পারে তাঁর একটি ছয়তলা বাড়ি আছে। ওই বাড়ির তৃতীয় তলায় শহিদুল স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। তিনি গত সোমবার রাতে নিজের ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পাশের কক্ষে তাঁর স্ত্রী রাহিমা আক্তার, ছেলে রাফিউল আলম রাফি (১২) ও মেয়ে সৃষ্টি (৩) ছিল। সকালে উঠে তাঁরা বাইরে থেকে তাঁদের কক্ষের দরজা আটকানো দেখতে পান৷ পরে তাঁর স্ত্রী তাঁকে (শহিদুল) ফোন করে মুঠোফোন বন্ধ পান৷
বিষয়টি রাহিমা আক্তার মুঠোফোনে িনচের ফ্ল্যাটে থাকা শহিদুলের ছোট ভাই ইসমাইল হোসেনকে জানান৷ ফোন পেয়ে ইসমাইল এসে তাঁদের কক্ষের দরজা খুলে দেন। এ সময় জানাজানি হয় ওপরের সব ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকানো রয়েছে৷ পরে শহিদুলের কক্ষের দরজার নিচ দিয়ে রক্ত দেখেন বাসার লোকজন৷ এ সময় তাঁরা ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে শহিদুলের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।