গাজীপুরে নছিমনকে ট্রেনের ধাক্কা, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় আজ শুক্রবার সকালে যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে ঘটনাস্থলে নছিমনের চালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন নছিমনের চালক মো. রাসেল মিয়া (৩০) ও যাত্রী রহিম উদ্দিন (২৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর শহর থেকে আজ সকালে একটি নছিমন যাত্রী নিয়ে কালীগঞ্জে যাচ্ছিল। পথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকার রেল সিগন্যাল অতিক্রম করার সময় নোয়াখালী এক্সপ্রেস ট্রেন এটিকে ধাক্কা দেয়। এতে নছিমনটি দুমড়েমুচড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে কমলাপুর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পিন্টু মিয়া ট্রেনের ধাক্কায় নছিমনের চালকসহ দুজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।