গাজীপুরে নতুন করে ৯২ জনের করোনা শনাক্ত

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭১৩। আজ রোববার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে নতুন শনাক্ত ৯২ জনের মধ্যে গাজীপুর সদরে রয়েছেন ৩৩ জন, কালিয়াকৈরে ১৫ জন, কালীগঞ্জে ৩ জন, কাপাসিয়ায় ১১ জন ও শ্রীপুরে ৩০ জন রয়েছেন।
গাজীপুরে মোট সংক্রমিতদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় রয়েছেন ৪৪৮ জন, কালীগঞ্জে ৩৪৩, কাপাসিয়াতে ২৫৯, শ্রীপুরে ৪৬৩ জন এবং গাজীপুর সদর ও সিটি করপোরেশন এলাকা মিলে সংক্রমিত ২ হাজার ২০০ জন। করোনায় জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪৫ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮৩ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গাজীপুর থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৮৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭১৩ জন।