গাজীপুরে নতুন পাসপোর্ট দেওয়ার কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে নতুন পাসপোর্ট দেওয়ার কার্যক্রম আট মাস ধরে বন্ধ রয়েছে। ফলে জেলাবাসীর ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাসপোর্ট অফিসে কাজ না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। বর্তমানে নতুন এমআরপি পাসপোর্ট করার জন্য যেতে হচ্ছে ঢাকার উত্তরায়। ভোগান্তি কমাতে দ্রুত গাজীপুরে এমআরপি পাসপোর্ট চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী। গাজীপুর পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, সারা দেশের ১৫টি স্থানে পাসপোর্ট দেওয়া শুরুর পর স্বরাষ্ট মন্ত্রণালয়ের বহির্গমন শাখা-৪ কার্যালয় থেকে নতুন এক প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, স্থানীয় জনগণের পাসপোর্টের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবং জনসাধারণকে প্রত্যাশিত পাসপোর্ট সেবা দেওয়ার জন্য আবারও দেশের ১৭টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ২০০৭ সালের ৮ আগস্ট গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আন্তর্জাতিক ও বিশেষ পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু হয়। এর পর থেকে গাজীপুরবাসী টানা প্রায় তিন বছর পাসপোর্টের সেবা পায়। পরে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) কার্যক্রম শুরু হলে ৬ ফেব্রুয়ারি ওই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ইফতেখার হোসেন এক চিঠিতে হাতে লেখা পাসপোর্ট কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। সরেজমিন পাসপোর্ট অফিসে গিয়ে দেখা গেছে, পাসপোর্ট অফিসে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন পাঁচজন। হাতে কোনো কাজ নেই, তাই অলস সময় কাটাচ্ছেন তাঁরা। অফিসের ভেতরে থাকা চৌকিতে বসে গল্পে মশগুল সবাই। এরই মধ্যে কয়েকজন এসে হাজির নতুন পাসপোর্ট করতে। পরে তাঁদের হতাশ হয়ে ফিরে যেতে হয়। তবে কেউ পুরোনো পাসপোর্ট নবায়ন করলে সেটা অবশ্য তাঁরা করে দিচ্ছেন। প্রায় এক বছর ধরে তাঁদের এভাবেই অলস সময় পার করতে হচ্ছে।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার মালেক সরকারের সঙ্গে কথা হয় গাজীপুর পাসপোর্ট অফিস এলাকায়। তিনি বলেন, ‘ছেলেকে বিদেশ পাঠাব কাজ করার জন্য। তাই পাসপোর্ট করার জন্য এখানে এসে জানতে পারি, নতুন পাসপোর্ট এই অফিস থেকে দেওয়া হয় না।’ঢাকার উত্তরা এলাকার মেশিন রিডেবল পাসপোর্ট অফিসের উপপরিচালক নাদিরা আক্তার প্রথম আলোকে বলেন, গাজীপুরে মেশিন রিডেবল পাসপোর্ট অফিস চালু করা খুবই জরুরি।গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান সারওয়ার প্রথম আলোকে বলেন, ‘নতুন ডিজিটাল পাসপোর্ট গাজীপুরে চালু করার জন্য এমআরপি পাসপোর্টের কর্মকর্তারা যে পরিমাণে জায়গা চেয়েছিলেন, তা আমরা দিতে রাজি হয়েছি। তবে আশা করি খুব শিগগির ওই কার্যক্রম শুরু হবে।’