গাজীপুরে নদীতে পড়ে কলেজছাত্রী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় গতকাল শনিবার বিকেলে বেড়াতে গিয়ে নদীতে পড়ে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্রী কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকার শহিদুল ইসলামের মেয়ে সেলিনা আক্তার। সে চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এলাকাবাসী ও ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, ঈদের পর কলেজ ছুটি থাকায় গতকাল বিকেলে সেলিনা আক্তার দুই বান্ধবীকে নিয়ে চা-বাগান এলাকায় তুরাগ নদের পাশে বেড়াতে যায়। সেখানে গিয়ে সেলিনা চা-বাগান ব্রিজের রেলিংয়ের ওপর বসে পা দুলাচ্ছিলেন। এমন সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সে নদীতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।