গাজীপুরে নারী কাউন্সিলর নিখোঁজ
গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভীন আক্তার গতকাল শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। রাতে তাঁর স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পারভীন আক্তারের বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ পানিশাইল এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের মুঠোফোনে গতকাল সকালে একটি ফোন আসে। মুঠোফোনে চার্জ না থাকায় সেটি বাড়িতে চার্জ দেন। পরে তিনি বাড়িতে বলেন পানিশাইল ব্যাটারি ফ্যাক্টরির পাশে একটি গ্রাম্য সালিস আছে, তিনি সেখানে যাচ্ছেন। বিচার শেষ করেই বাড়িতে ফিরে আসবেন। সকাল সাড়ে আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাত হয়ে গেলেও পারভীন আক্তার বাড়িতে ফিরে না আসায় রাত নয়টার দিকে পারভীন আক্তারের স্বামী মিনহাজ উদ্দিন জয়দেবপুর থানায় একটি জিডি করেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিখোঁজ পারভীন আক্তারকে উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।