গাজীপুরে নারীকে হত্যার দায়ে তরুণের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে নারীকে হত্যার দায়ে এক তরুণকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামির নাম মো. নূরুল আমিন ওরফে নূরা (২৩)। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৩১ মার্চ কালীগঞ্জের সাওরাইদ গ্রামের মিনারা খাতুন ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। একটি পেয়ারা বাগানের কাছে পৌঁছালে নূরুল আমিন লাঠি দিয়ে মিনারার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর মিনারার মেয়ে আয়েশা বেগম ২ এপ্রিল কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফরিদ উদ্দিন তদন্ত শেষে নূরুলের বিরুদ্ধে গত বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।