গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের সুরাবাড়ি এলাকার একটি পুকুর থেকে কাল শনিবার সকালে সজীব (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছয় দিন থেকে সে নিখোঁজ ছিল। নিহতের পরিবারের দাবি, অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে। এ অপহরণের অভিযোগে মামলায় জহুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা আবু তাহের প্রথম আলোকে জানান, তিনি সুরাবাড়ি উত্তরপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। একই বাড়ির অপর অংশে জহুরুল ইসলাম (৩৪) নামে আরেক ব্যক্তি ভাড়া থাকেন। সজীবকে গত সোমবার বিকেলে জহুরুল ইসলাম খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যান। এরপর থেকে সজীবকে খুঁজে পাওয়া যায়নি। অপহরণের অভিযোগে জহুরুলকে আসামি করে গত বৃহস্পতিবার তিনি জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজাহারুল ইসলাম জানান, মামলা হওয়ার দিনেই জহুরুলকে গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে সজীবের মরদেহ সুরাবাড়ি এলাকার একটি পুকুরে ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হয়েছে। নিহত সজীব সুরাবাড়ি এলাকায় শাহজাহান ভূইয়া মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।