গাজীপুরে নির্বাচন কার্যালয়ে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা নির্বাচন কার্যালয়ে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, স্ক্যানার, আসবাব, মূল্যবান সামগ্রীসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নির্বাচন কার্যালয় ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের কার্যালয়ের পেছনে অবস্থিত নির্বাচন কার্যালয়ের একটি কক্ষে সকাল সাড়ে নয়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে ওই কার্যালয়ের দুটি কক্ষে রাখা মূল্যবান কাগজপত্র, কয়েকটি ল্যাপটপ ও আসবাপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জেলা প্রশাসক জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক (জিএম) সৈয়দ অহিদুল ইসলাম, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয়।জেলা নির্বাচন কর্মকর্তা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, কয়েকটি ল্যাপটপ ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।