গাজীপুরে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে দলের পক্ষ থেকে এ দাবি জানান।সিইসি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, চার সিটিতে পরাজয়ের পর সরকারি দল গাজীপুরে জিততে মরিয়া হয়ে নিজেদের দলের এক প্রার্থীকে অপহরণ করেছে। ক্ষমতাসীনদের শক্তি প্রদর্শনের এ ঘটনায় অন্য প্রার্থীরা শঙ্কিত। এম কে আনোয়ার দাবি করেন, ‘বিএনপি-সমর্থিত দুই কাউন্সিলর পদপ্রার্থীকে মারধর করা হয়েছে। আদালত মামলাও নেয়নি। আমাদের আশঙ্কা, নির্বাচন সুষ্ঠু হবে না। এ অবস্থায় গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি করা হয়েছে।’চার সিটিতে সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু নির্বাচন হয়েছে। গাজীপুরে কেন সেনা দরকার—এ প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, ‘আপনাদের কাছে আমার প্রশ্ন, সেনা দিলে কার কী ক্ষতি হচ্ছে? পুলিশ দিলেও তো নির্বাচন নিরপেক্ষ হতো! আপনার বাড়ির সামনে একজন চৌকিদার দিলে পাশের বাড়ির কী ক্ষতি হচ্ছে?’পরে সিইসি কাজী রকিব সাংবাদিকদের বলেন, ‘বিএনপি দাবি করে গেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আগেও অন্যান্য সিটি নির্বাচনে বিশেষ ব্যবস্থা নিয়েছি। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।’গাজীপুরে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকে ‘অপহরণ’ ও বিএনপি-সমর্থিত ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মারধরের অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিইসি। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমে আমরা সে বিষয়টি দেখেছি, আমাদের নজরে এসেছে। স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা বিষয়টি দেখছেন।’