গাজীপুরে নেশাগ্রস্ত তরুণের হাতে মামা খুন
বোনের বাড়িতে বেড়াতে এসে নেশাগ্রস্ত ভাগনের হাতে খুন হলেন মামা। তাঁকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর দক্ষিণপাড়া এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায়। ঘটনার পর ভাগনে পলাতক রয়েছেন। নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বহুরিয়া গ্রামের বছির উদ্দিনের ছেলে মো. আফাজ উদ্দিন (৪৮)। এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর দক্ষিণপাড়ার রাহাজ উদ্দিনের ছেলে সোহেল রানা (২০) রাজমিস্ত্রির কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। এ কারণে গ্রামে প্রায়ই তিনি অপ্রীতিকর ঘটনা ঘটান।
আফাজ উদ্দিন সাত দিন আগে বোনের বাড়িতে বেড়াতে আসেন। তিনি ভাগনে সোহেলের নেশাগ্রস্ত হয়ে পড়ার বিষয়টি জেনে তাঁকে বিভিন্নভাবে বুঝিয়ে আসছেন। গতকাল শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে আফাজ উদ্দিন বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় সোহেল তাঁর মামার কাছে নেশা করার জন্য ২০০ টাকা দাবি করেন। কিন্তু মামা টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সোহেল ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি দা দিয়ে মামাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন ও গলা কেটে ফেলেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সোহেল দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সোহেলের একাধিক প্রতিবেশী জানান, তিনি অনিয়মিত রাজমিস্ত্রির কাজ করেন। সেখানে যা টাকা আয় হয় তা দিয়ে সব সময় নেশা করেন।
কালিয়াকৈর থানার এসআই মো. মনোয়ার হোসেন জানান, নেশাগ্রস্ত ভাগনের দায়ের কোপে মামার শ্বাসনালি কেটে গেলে তাঁর মৃত্যু হয়।