গাজীপুরে পাঁচ শতাধিক টেলিফোন লাইন বিকল
গাজীপুরের কাশিমপুর কারাগারসহ কালিয়াকৈর উপজেলার কয়েকটি এলাকায় বিটিসিএলের পাঁচ শতাধিক টেলিফোন লাইন বিকল হয়ে আছে। এতে কয়েক মাস ধরে কারা কর্তৃপক্ষসহ আশপাশের গ্রাহকেরা ভোগান্তি পোহাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী, দেওয়ালিয়াবাড়ি, জরুনসহ আশপাশের কয়েকটি এলাকায় দু-তিন মাস ধরে টেলিফোন লাইনগুলো বিকল হয়ে আছে। এ বিষয়ে টেলিফোন অফিসে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না। অথচ টেলিফোন বিকল থাকলেও গ্রাহকদের লাইন চার্জ ঠিকই দিতে হচ্ছে। সাধারণ গ্রাহকদের চেয়ে টেলিফোন বেশি প্রয়োজন হয় বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের। অথচ প্রায় দেড় মাস ধরে বিকল হয়ে আছে কাশিমপুর কারাগারের সব টেলিফোন। এতে তঁাদের বাইরের যোগাযোগ রক্ষা করতে সমস্যা হচ্ছে। বিষয়টি বিটিসিএলের স্থানীয় কোনাবাড়ী এক্সচেঞ্জে মৌখিক ও লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি। ওই এক্সচেঞ্জের আওতায় তিন শতাধিক টেলিফোন লাইন বিকল হয়ে আছে।
এদিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, চান্দরা পল্লী বিদ্যুৎ, সফিপুর বাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় দুই শতাধিক সংযোগ পাঁচ-ছয় মাস ধরে বিকল।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা বলেন, দেড় মাস ধরে তাঁদের কারাগারের টেলিফোন লাইন বিকল। এ কারণে জরুরি টেলিফোনের কাজ মুঠোফোন দিয়ে করা গেলেও ফ্যাক্স করতে সমস্যা হচ্ছে। একই কথা জানালেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর কারাধ্যক্ষ মো. নাশির আহমদ ও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারাধ্যক্ষ মোসা. সালমা বেগম।
বিটিসিএলের কোনাবাড়ী এক্সচেঞ্জের উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন আকন্দ বলেন, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ করতে গিয়ে এলাকার প্রায় ৩০০ লাইন কাটা পড়ে। এতে কারাগারসহ বিভিন্ন এলাকার টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কাশিমপুর জেলখানা সড়কের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘আমাদের টেলিফোন প্রায় দেড় মাস ধরে বিকল। ফলে আমার প্রবাসী ভাই ও স্বজনদের সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে। মুঠোফোনে কথা বলতে খরচ বেশি হচ্ছে।’
কালিয়াকৈর এক্সচেঞ্জের কম্পিউটার অপারেটর নূর হোসেন বলেন, রাস্তার কাজ চলায় ওই সব এলাকায় প্রায় ২০০ টেলিফোন বিকল হয়ে আছে। এক্সচেঞ্জের দায়িত্বে থাকা উপসহকারী পরিচালক মো. শহিদুল্লাহ বলেন, ফাইবার অপটিক কেব্ল কাটা পড়ায় টেলিফোন বিকল হয়ে আছে। এ ছাড়া অভিযোগ পাওয়া গেলে যেকোনো বিকল টেলিফোন দ্রুত মেরামত করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।