গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী ইউনিয়নের দেওলিয়াবাড়ী এলাকায় গত সোমবার দিবাগত রাতে একটি পোলট্রি ফার্মে বার্ড ফ্লু-আক্রান্ত পাঁচ হাজারের বেশি মুরগি মেরে ফেলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কোনাবাড়ী ইউনিয়নের দেওলিয়াবাড়ী গ্রামের খোরশেদ এগ্রো ফার্মের মুরগি রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। এই সংখ্যা দিন দিন বাড়লে গতকাল সোমবার সকালে ফার্মের মালিক মাহবুব আলম আক্রান্ত মুরগি জেলা প্রাণিসম্পদ অফিসে পরীক্ষার জন্য পাঠান। জেলা প্রাণিসম্পদ অফিসের নিজস্ব গবেষণাগারে চিকিৎসকেরা প্রাথমিকভাবে মুরগিতে বার্ড ফ্লুর অস্তিত্ব পেলে গতকাল সোমবার দুপুরে নমুনা পাঠান ঢাকার কেন্দ্রীয় প্রাণিসম্পদ রোগ গবেষণা কেন্দ্রে। সেখান থেকে সন্ধ্যায় ওই মুরগি বার্ড ফ্লু জীবাণুতে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। পরে সোমবার রাত সাড়ে নয়টা থেকে ওই ফার্মের মুরগি নিধন ও মাটি চাপা দেওয়ার কার্যক্রম শুরু হয়।গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুর রহমান জানান, ওই ফার্মের মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হলে ফার্মের মুরগি নিধন ও মাটি চাপা দেওয়া হয়। মুরগি নিধনের সময় গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিন উদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী হায়দার খান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল, ভেটেরিনারি সার্জন আল আমিন, লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।