গাজীপুরে পাটের গুদামে আগুন, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকায় গতকাল শুক্রবার একটি পাটের কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার তিনটি গুদামের কয়েক হাজার মণ পাট পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কারখানার ১২ জন শ্রমিক আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।এদিকে গতকাল রাত নয়টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানায়। কারখানা কর্তৃপক্ষ ও দমকল বাহিনীর ভাষ্যমতে, গাজীপুর সদর উপজেলার ফাতেমা আলিয়াফ তালা-ই জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানার গুদামে কাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের অন্য দুটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। দুটি ইউনিটের পাঁচটি অগ্নিনির্বাপণ গাড়ি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু কয়েক ঘণ্টার চেষ্টাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান। রাত নয়টার দিকেও গুদামের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে বলে কারখানার শ্রমিকেরা জানান। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কারখানার ১২ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে মিজান, জিয়া, শহিদুল, মনির হোসেন, আল আমিন ও রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পাটের গুদামের ভেতরে আগুন ধরায় তা নিয়ন্ত্রণে আসতে সময় লাগছে।’ কারখানার নির্বাহী পরিচালক নওশের উদ্দিন বলেন, ‘কারখানার তিনটি গুদামে ৪০ হাজার মণ পাট ছিল। সব পাট পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’