গাজীপুরে পানি পান করে শ্রমিকেরা আবার অসুস্থ
গাজীপুরের ইস্টওয়েস্ট শিল্পপার্কের পোশাকশ্রমিকেরা গতকাল সোমবারও কারখানার সরবরাহ করা ট্যাপের পানি পান করে অসুস্থ হয়েছেন। ঘটনার পর অর্ধশতাধিক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয় কারখানায়। এর আগের দিন রোববার একই কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হন।
কারখানার শ্রমিকেরা জানান, সদর উপজেলার বোর্ড বাজারের সাইনবোর্ড এলাকায় অবস্থিত ইস্টওয়েস্ট শিল্পপার্কে আলভিন ফ্যাশন, রোমানিয়া ফ্যাশন ও ইউরোপিয়ান ফ্যাশন নামের তিনটি কারখানা আছে।
গতকাল অনেক শ্রমিক কারখানায় হালকা নাশতা খেয়ে কারখানার সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। বেলা ১১টায় শ্রমিকদের কয়েকজন বমি করতে থাকেন। সহকর্মীরা অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে ভর্তি করান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। বেলা দুইটা পর্যন্ত অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
এ সময় তিনটি কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক কাজ ফেলে কারখানা চত্বরে জড়ো হন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগদানের নির্দেশ দিলেও শ্রমিকেরা বাইরে অবস্থান করেন। পরে বেলা দুইটার দিকে গতকালের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
যোগাযোগ করা হলে কারখানার সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নতুন করে যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়। বাকিরা স্থানীয় ক্লিনিকে ভর্তি আছেন।’
পানিতে কোনো সমস্যা নেই দাবি করে মোস্তাফিজ বলেন, গত রোববার পানি পান করে শ্রমিক অসুস্থ হওয়ার পর ট্যাংক পরিষ্কার করা হয়। কী কারণে শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন বলা যাচ্ছে না। ইচ্ছে করলে যে কেউ পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।
এর আগে ৫ জুন সদর উপজেলার ভোগড়া মধ্যপাড়া এলাকায় লাবিব গ্রুপের স্টারলাইট সোয়েটার লিমিটেড নামের একটি কারখানায় পানি পান করে প্রায় ৪০০ শ্রমিক অসুস্থ হন।