গাজীপুরে পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জমি দখলের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। গাজীপুর সদরের বাহাদুরপুর এলাকার ইপিলিয়ন জিনস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আবদুল মঈন খান বাদী হয়ে গত শুক্রবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, মামলায় এম এ হাসেমসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এজাহারে বলা হয়, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন গাজীপুর সদরের বাহাদুরপুর মৌজার ২৬৭ দশমিক ৫০ শতাংশ জমির সাফকবলা দলিলমূলে মালিক হয়ে ভোগদখল করছেন। শুক্রবার দুপুরে এম এ হাসেমের নেতৃত্বে অর্ধশতাধিক সশস্ত্র লোক ওই জমিতে থাকা শ্রমিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। শ্রমিকেরা প্রতিবাদ করলে এম এ হাসেম শ্রমিকদের হত্যা করার নির্দেশ দেন। এ সময় হাসেমের লোকজন ২০ ব্যাগ সিমেন্ট, দুই টন রড ও ১০ হাজার ইট নিয়ে যায়।একই দিন (শুক্রবার) পারটেক্স গ্রুপের লোকজন জাঙ্গালিয়া এলাকায় বন বিভাগের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করলে বন বিভাগের লোকজন বাধা দেয়। পরে তারা স্থানীয় প্যানাশ সোয়েটার কারখানার টিনঘেরা সীমানা ভেঙে ভেতরে ঢুকে নির্মাণাধীন স্থাপনা ভেঙে ফেলে বলে অভিযোগ পাওয়া যায়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, শুক্রবারের ঘটনার পরিপ্রেক্ষিতে প্যানাশ সোয়েটারের পক্ষ থেকে গতকাল শনিবার রাতে অভিযোগ করা হয়েছে।