গাজীপুরে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় গতকাল বুধবার সকালে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার বাজার এলাকার নিজাম উদ্দিন (৩৫), একই এলাকার মফিজ উদ্দিন (৪৫) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আনিছুর রহমান (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার কারওয়ান বাজার থেকে কয়েকজন পাইকারি সবজি ব্যবসায়ী গতকাল একটি পিকআপে করে ময়মনসিংহে যাচ্ছিলেন। সকাল ছয়টার দিকে পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিন সবজি ব্যবসায়ী নিহত হন। পিকআপে থাকা অন্য দুজনও আহত হন। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।