গাজীপুরে পিকআপের ধাক্কায় শিশু নিহত চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল শনিবার সকালে পিকআপের ধাক্কায় শাহানারা খাতুন নামের এক কন্যাশিশু নিহত হয়েছে। পিকআপচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত শাহানারা (১০) নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলা যাত্রাবাড়ী গ্রামের তাইজদ্দিনের মেয়ে। তাইজদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বসবাস করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহানারা বাজার থেকে বাসায় ফেরার উদ্দেশে সকাল নয়টার দিকে হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগামী পিকআপটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে হাইওয়ে পুলিশ চালক রুবেল মিয়াকে (২৫) গ্রেপ্তার ও পিকআপটি জব্দ করে। রুবেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর গ্রামে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. গোলাম রাব্বানী প্রথম আলোকে জানান, এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। শিশু শাহানারার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।